এডটেক স্টার্টআপ বানাতে চাই – শেখানো থেকে ভরসা জেতা পর্যন্ত
সারকথা: এডটেকের সবচেয়ে বড় ধাঁধা — টাকা দেন একজন (অভিভাবক), ব্যবহার করেন আরেকজন (শিক্ষার্থী)। দুজনকেই জিততে হয়। আর ফল না দেখালে দ্বিতীয় মাসের ফি আসে না। এই পথ আপনাকে সমস্যা বাছাই থেকে এক ব্যাচের পাইলট, পেমেন্ট, কাগজপত্র হয়ে ফান্ডিং পর্যন্ত নিয়ে যাবে।
বাংলাদেশে পড়াশোনার পেছনে পরিবারের খরচ বিশাল — কোচিং, প্রাইভেট টিউটর, গাইড বই, ভর্তি প্রস্তুতি। মানে চাহিদা প্রমাণিত। প্রশ্নটা অন্য জায়গায়: মানুষ যা এখন কোচিং আর টিউটরে পাচ্ছে, তার চেয়ে ভালো বা সস্তা কিছু আপনি দিতে পারছেন কি? পরীক্ষার মৌসুম ধরে চাহিদা ওঠানামা করে, সেটাও হিসাবে রাখতে হয়।
ধাপে ধাপে পথ
- বাজারটা চিনুন। বাংলাদেশে এডটেক কোথায় দাঁড়িয়ে, কারা বড় খেলোয়াড়, ফাঁকা জায়গা কোথায় — আগে বড় ছবিটা দেখুন। → বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম
- সমস্যা যাচাই করুন — দুই পক্ষের সঙ্গেই। শিক্ষার্থী কোথায় আটকায় আর অভিভাবক কীসের জন্য টাকা দিতে রাজি — দুটো প্রায়ই এক না। অন্তত ২০ জন অভিভাবক আর ২০ জন শিক্ষার্থীর সঙ্গে আলাপ করুন। → আইডিয়া যাচাই
- এক ব্যাচ দিয়ে পরীক্ষা চালান। পুরো প্ল্যাটফর্ম বানাবেন না। একটা বিষয়, একটা ব্যাচ, লাইভ ক্লাস — ফি নিয়ে পড়ান। টাকা-দেওয়া ২০ জন শিক্ষার্থী হাজার লাইকের চেয়ে বড় প্রমাণ। → চাহিদা যাচাই করতে চাই
- প্রথম শিক্ষার্থীদের আনুন। অভিভাবকদের ফেসবুক গ্রুপ, স্কুল-কলেজের আশপাশ, পুরোনো শিক্ষার্থীর রেফারেল — ভরসার চ্যানেল আগে। → গ্রাহক খোঁজা
- ফি নেওয়ার ব্যবস্থা গুছান। মাসিক ফি বিকাশ/নগদে নেবেন, নাকি ব্যাংকে? রিফান্ডের নিয়ম কী? আগেই লিখে ফেলুন। → পেমেন্ট ব্যবস্থা
- কাগজপত্র ধাপে করুন। নিয়মিত ফি নেওয়া শুরু করলে ট্রেড লাইসেন্স আর টিআইএন লাগবে। সাবধান: “সার্টিফিকেট” বা “ডিগ্রি” দেওয়ার দাবি করলে অনুমোদনের প্রশ্ন আসে — যা দিচ্ছেন না, তা বলবেন না। → আইনি রোডম্যাপ
- খাতের গভীরে ঢুকুন। অভিভাবকের ভরসা জেতা নিয়ে আলাদা প্লেবুক আছে (গাইডটা এখনো লেখা বাকি, পাতায় সূত্রের তালিকা আছে)। → এডটেক ভরসা ও অভিভাবক প্লেবুক
- বড় করার টাকা ভাবুন। ব্যাচ ভরছে, শিক্ষার্থী ফিরছে — এবার গ্র্যান্ট বা ইনভেস্টরের কথা ভাবতে পারেন। → ফান্ডিং রোডম্যাপ
এই পথের চেকলিস্ট
- ২০ জন অভিভাবক ও ২০ জন শিক্ষার্থীর সঙ্গে আলাপের নোট আছে
- এক ব্যাচের পাইলট চালিয়েছি, ফি নিয়েছি
- শিক্ষার্থীর ফল দেখানোর উপায় ঠিক করেছি (পরীক্ষার স্কোর, অগ্রগতি রিপোর্ট)
- ফি, রিফান্ড ও পেমেন্টের নিয়ম লিখে রেখেছি
- ট্রেড লাইসেন্স ও টিআইএনের পরিকল্পনা করেছি
- দ্বিতীয় ব্যাচে কতজন ফিরল, হিসাব রাখছি
এরপর কোন পথে
- সফটওয়্যার পণ্য হিসেবে বানাতে চাইলে → SaaS লঞ্চ করতে চাই
- ইনভেস্টরের কাছে যেতে চাইলে → অ্যাঞ্জেল বা ভিসি ফান্ডিং তুলতে চাই