এগ্রিটেক স্টার্টআপ বানাতে চাই – মাঠ থেকে বাজার পর্যন্ত
সারকথা: এগ্রিটেক অফিসে বসে হয় না। কৃষক, ফড়িয়া, আড়তদার, ডিলার — এই চেইনের ভেতরে না ঢুকলে সমস্যাটাই চোখে পড়বে না। আর সব হিসাব চলে মৌসুম ধরে: বোরো, আমন, শীতের সবজি। এই পথ আপনাকে মাঠ-গবেষণা থেকে এক মৌসুমের পাইলট, এজেন্ট মডেল হয়ে ফান্ডিং পর্যন্ত নিয়ে যাবে।
ধরুন, আপনি ভাবছেন কৃষকদের ন্যায্য দামে ফসল বেচতে সাহায্য করবেন। মহৎ আইডিয়া, কিন্তু প্রশ্ন অনেক — কৃষক আপনাকে চিনবে কেন? ফড়িয়া তো নগদ টাকা হাতে দেয়, আপনি কি পারবেন? স্মার্টফোন যার নেই, সে আপনার অ্যাপ চালাবে কীভাবে? এসব প্রশ্নের উত্তর ঢাকার ক্যাফেতে নেই, উত্তর আছে মাঠে।
ধাপে ধাপে পথ
- খাতটা চিনুন। কৃষি বাংলাদেশের সবচেয়ে বড় খাতগুলোর একটা, আর এগ্রিটেকে সমস্যার অভাব নেই — ইনপুট, ঋণ, ফসল বেচা, কোল্ড স্টোরেজ, পরামর্শ। বড় ছবিটা আগে। → বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম
- মাঠে যান, কৃষকের ভাষায় শুনুন। অন্তত ২০-৩০ জন কৃষক, ৫ জন ফড়িয়া বা আড়তদারের সঙ্গে কথা বলুন। কে কখন টাকা পায়, কে ঠকে, কে ঝুঁকি নেয় — চেইনটা আঁকুন। → আইডিয়া যাচাই
- এক মৌসুম, এক এলাকা — পাইলট চালান। পুরো দেশ না, এক উপজেলার এক ফসল দিয়ে শুরু। হাতে-কলমে সেবা দিন, অ্যাপ পরে। → চাহিদা যাচাই করতে চাই
- এজেন্ট মডেল ভাবুন। কৃষকের কাছে পৌঁছাতে প্রায়ই লাগে স্থানীয় বিশ্বস্ত মানুষ — এলাকার শিক্ষিত তরুণ, ডিলার, সমিতির সদস্য। প্রথম গ্রাহক আনার চ্যানেলটা তারাই। → গ্রাহক খোঁজা
- টাকার চলাচল ঠিক করুন। কৃষি এখনো অনেকটা নগদের জগৎ। মোবাইল ব্যাংকিং কোথায় চলবে, নগদ কোথায় লাগবে, টাকা আটকে গেলে কী হবে — আগে ছক আঁকুন। → পেমেন্ট ব্যবস্থা
- কাগজপত্র ধাপে করুন। নিয়মিত কেনাবেচায় নামলে ট্রেড লাইসেন্স আর টিআইএন লাগবে। কৃষি ইনপুট (বীজ, সার, ওষুধ) বেচতে চাইলে আলাদা অনুমোদন লাগে — আগে যাচাই করুন। → আইনি রোডম্যাপ
- খাতের গভীরে ঢুকুন। এগ্রিটেকের আলাদা প্লেবুক আছে (গাইডটা এখনো লেখা বাকি, পাতায় সূত্রের তালিকা আছে)। → এগ্রিটেক স্টার্টআপ প্লেবুক
- বড় করার টাকা ভাবুন। এগ্রিটেকে গ্র্যান্ট, ইমপ্যাক্ট ফান্ড আর দাতা সংস্থার প্রোগ্রাম তুলনামূলক বেশি — খোঁজ রাখুন। → ফান্ডিং রোডম্যাপ
এই পথের চেকলিস্ট
- অন্তত ২০ জন কৃষকের সঙ্গে মাঠে বসে আলাপ করেছি
- ফসল বা পণ্যের পুরো চেইনটা এঁকেছি — কে কেনে, কে বেচে, টাকা কোথায় আটকায়
- এক মৌসুম-এক এলাকার পাইলটের ফল হাতে আছে
- এজেন্ট বা স্থানীয় পার্টনার ঠিক করেছি
- নগদ আর মোবাইল ব্যাংকিংয়ের হিসাব আলাদা রাখছি
- কোন অনুমোদন লাগবে, তালিকা করেছি
এরপর কোন পথে
- এসএমই বা প্রতিষ্ঠানের কাছে বেচতে চাইলে → এসএমইর কাছে বেচতে চাই
- ইনভেস্টরের কাছে যেতে চাইলে → অ্যাঞ্জেল বা ভিসি ফান্ডিং তুলতে চাই